রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘ক্লিন এয়ার ম্যুরাল পেইন্টিং ইন ঢাকা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বুধবার সকালে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ‘বায়ুদূষণ একদিনে দূর করা সম্ভব নয়। তবে মানসিকতা ও জীবনযাপনে পরিবর্তন আনতে পারলে নির্মল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’
তিনি জানান, ‘খিলগাঁও এলাকায় কোথাও যদি সবুজায়নের সুযোগ থাকে, সেসব জায়গায় বন অধিদপ্তরের উদ্যোগে গাছ লাগানো হবে।’
শিক্ষার্থীদের হাতে আঁকা দেয়ালচিত্র দেখে উপদেষ্টা বলেন, ‘এই চিত্রগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ও সঠিক। তোমরা যেভাবে অংশ নিয়েছ, তাতেই আজকের বাংলাদেশ বদলের সম্ভাবনা দেখি। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভুল শুধরে নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদেরই নেতৃত্ব নিতে হবে। আমরা যেমনভাবে চলেছি, তাতে বাতাস এক নম্বর দূষিতই থাকবে। কিন্তু আজ তোমাদের চিত্রে আমরা নতুন আশার আলো দেখি—ঢাকার বাতাস শীর্ষ দূষণের তালিকা থেকে একদিন বেরিয়ে আসবেই।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজ এলাকায় যেখানেই অসঙ্গতি দেখবে, সেখানেই নিজে উদ্যোগ নাও। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। জনগণের চাপ থাকলেই সরকারের কাজ কার্যকর হয়। জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের বিরুদ্ধে এই লড়াইয়ে তোমাদের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস মার্টিন, সংস্থাটির উন সু, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রঞ্জন কুমার রায়, শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নীল আকাশ, সবুজায়ন, স্বচ্ছ বাতাস ও জলবায়ু ন্যায়ের বার্তা তুলে ধরে দেয়ালচিত্র প্রদর্শন করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা অংশ নেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত “রাউন্ডটেবিল অন প্রোটেকটিং ঢাকার রিভার্স অ্যান্ড ক্যানালস ফ্রম প্লাস্টিক ওয়েস্ট থ্রু সার্কুলার ইকোনমি” শীর্ষক গোলটেবিল আলোচনায়।
সেখানে ‘সেভ ক্যানালস, সেভ সিটি’ প্রতিপাদ্যে তিনি বলেন, ‘প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে সবার আগে নিজেদের জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক ও পলিথিন পরিহারে সচেতনতা গড়ে তুলতে হবে।’
বড় ক্ষতির মুখে বাংলাদেশ
হাতিরঝিলে ওভারব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার