বঙ্গোপসাগরে নিম্নচাপ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২৯ মে ২০২৫, ০১:২৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এ অবস্থায় সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।  

এছাড়া ঢাকাসহ ৯টি অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ প্রবল ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  

এ পরিস্থিতিতে দুপুর ১টার মধ্যে দেশের ৬টি অঞ্চলে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের সর্বত্র দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত