আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি হলো ৪ টন কাজুবাদাম

আপডেট : ২৯ মে ২০২৫, ০২:১৪ পিএম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে চার টন কাজুবাদাম আমদানি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। গতকাল বুধবার সন্ধ্যায় একটি ভারতীয় ট্রাকযোগে ৪০০টি টিনের বালতিতে করে এই কাজুবাদাম বন্দর এলাকায় পৌঁছায়। প্রতিটি বালতিতে ছিল ১০ কেজি করে কাজুবাদাম।

প্রতিটি কেজি কাজুবাদামের মূল্য ধরা হয়েছে ৪ দশমিক ৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৫ দশমিক ৭৬ টাকা। ঢাকার আমদানি প্রতিষ্ঠান ‘টি আর ট্রেড, উত্তরা’ এই আমদানি কার্যক্রম পরিচালনা করেছে।

পণ্য খালাসের কাজে কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের ‘মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল’।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত রাজস্ব পরিশোধের পর আমদানিকারক প্রতিষ্ঠান পণ্য খালাস প্রক্রিয়া সম্পন্ন করবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘ঈদ সামনে রেখে আমদানি কার্যক্রম আরও বাড়তে পারে। বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে কাজুবাদামের চালানটি খালাস করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত