নগর ভবনে ইশরাক হোসেন

আপডেট : ২৯ মে ২০২৫, ০৪:৪৩ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে সংস্থাটির কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে অবস্থান কর্মসূচি চলছে। এদিকে স্লোগানে উত্তাল নগর ভবনে আগমন ঘটেছে খোদ ইশরাক হোসেনের।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের সঙ্গ দিতে এবং তাদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে এসেছেন।

ইশরাকের প্রবেশের পর আরও উজ্জীবিত হয়ে উঠেন এখানে উপস্থিত নেতাকর্মীরা। এ সময় ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই,’ ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ এমন স্লোগানে উত্তাল  তাদের স্লোগানে উত্তাল পুরো নগরভবন।

‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান।

আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আজকে রিট মামলাটি আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব নির্বাচন কমিশন শিগগিরই এটার (নির্বাচনী ট্রাইব্যুনালের রায়) বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নেব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত