হুট করেই সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ক্লাব বিশ্বকাপকে টার্গেট করে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস নাকি রোনালদোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে। আবার ফ্ল্যামেঙ্গোর নামও শোনা যাচ্ছে। এদিকে আল নাসর জানিয়েছে, তারা পর্তুগিজ সুপারস্টারকে ছাড়তে চায় না।
গত সোমবার আল ফাতেহর বিপক্ষে সৌদি প্রো লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচের পর আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ।’ তখন থেকেই ‘সিআরসেভেন’ এর ভক্তদের জানার অপেক্ষা- নতুন কোন ক্লাবে যাবেন পর্তুগিজ সুপারস্টার?
তবে এখনই রোনালদোকে ছাড়তে রাজি নয় আল নাসর। সৌদি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফের্নান্দো হিয়েরো বলেছেন, ‘রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি ৩০ জুন পর্যন্ত। আমরা তার চুক্তি নবায়নের চেষ্টা করব যেন সে আমাদের সঙ্গে থাকতে পারে। অনেক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী। রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের জন্য আলোচনা করছি। আশা করি আমরা সমাধানে পৌঁছাতে পারব।’
টানা দুই মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছেন রোনালদো। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে করেছেন ২৫ গোল। সব মিলিয়ে ১০৫ ম্যাচে মোট ৯৯ গোল করলেও এখন পর্যন্ত দলকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি। শুধু ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিলেন।
এরপরও সৌদি ফুটবলের স্বার্থেই তাকে ছাড়তে চায় না আল নাসর। ফের্নান্দো হিয়েরো আরও বলেছেন, ‘রোনালদো সৌদি ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। এখানে আসা, থাকা এবং লিগকে বিশ্বের সামনে উঁচিয়ে ধরার সাহস দেখানো এক অসাধারণ মাইলফলক। তার আগমনের পর অনেক শীর্ষস্থানীয় খেলোয়াড় এখানে এসেছেন। তিনি সব দরজা খুলে দিয়েছেন।’
আল হিলালে যোগ দেওয়ার কথা ভাবছেন ব্রুনো ফার্নান্দেজ
নির্বাচনে স্বচ্ছতা আনতেই বিসিবির সভাপতি হচ্ছেন বুলবুল