মোগড়খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শনে জিসিসি প্রশাসক

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:৩০ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। আজ শুক্রবার সকালে তিনি নগরীর ভোগড়া বাইপাস মোড়ে খালটির শুরু থেকেই বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুরের পানি নিষ্কাশনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মোগড়খাল। দীর্ঘ দিন নানা অব্যবস্থাপনার কারণে খালটি বিভিন্ন স্থানে সরু ও ভরাট হয়ে গিয়েছিল। পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। খালটি বিভিন্ন স্থানে অবৈধ দখলও হয়ে গেছে। এটি মাপঝোপ করলে জানা যাবে। খালটি দিয়ে দ্রুত পানি নিষ্কাশন হওয়াই এখন প্রধান কাজ। বৃষ্টি হলে গাজীপুর চৌরাস্তা ও ভোগড়া মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যানচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে পুলিশের ট্রাফিক বিভাগ যানজট নিরসন করতে হিমসিম খেতে হয়।

তিনি বলেন, খালটির শুরুতেই অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এখানে অনেকগুলো কারখানা হয়েছে। যারা নিজেরাই যার যার মতো করে সীমানা প্রাচীর তৈরি করেছেন, কালভার্ট নির্মাণ করেছেন। সীমানা নির্ধারণের পর এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, হারুন অর রশীদ, বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গাজীপুর মহানগরবাসীর জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে মহানগরীর দীর্ঘতম ও প্রাচীন মোগরখাল পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। সেনাবাহিনীর সহায়তায় খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। গত ২৩ মে সকাল থেকে খালটির উৎস মুখ গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত