সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবির সভায় তাকে নির্বাচিত করেন বোর্ড পরিচালকেরা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বুলবুল জানান, দেশের ক্রিকেটের জন্য কাজ করার ইচ্ছা তার বহুদিনের।
মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনের শুরুতেই সাবেক এই অধিনায়ক বলেন, ‘আজ থেকে আমার নতুন জার্নি শুরু হলো। আমি যখন জাতীয় দল থেকে অবসর নিয়েছিলাম, তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি আইসিসি ও এসিসিতে। এটা আমার কাছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করার একটা সুযোগ। আমাকে অনেক সাংবাদিকই প্রশ্ন করতেন, আপনি আসেন না কেন? সুযোগ পেলে কি আসবেন?’
বিসিবি সভাপতি হওয়ার ঘটনা নিয়ে বুলবুল বলেন, ‘গত এপ্রিলে এনসিএ থেকে আমার কছে একটি ফোন আসে যে, আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি গ্রহণ করবেন? আমি যে আপনাদের বলতাম, একটা ফোনকলের জন্য অপেক্ষা করতাম, সেই ফোনকল যখন এলো, তখন আমি আর পেছনে ফিরে তাকাইনি। আমি ভেবেছি, কীভাবে সেই ফোনকলটিকে আমি রেসপেক্ট করতে পারি। এরপর আজ ৩০ মে বোর্ডের সম্মানিত পরিচালকরা আমাকে নির্বাচিত করেছেন।’
বুলবুল জানান, তাকে ফোন করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ‘ফোনটা পেয়েছিলাম সম্মানিত ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। তিনি যখন কলটা করেছেন, তখন পিছনে ফির তাকাইনি। শুধু ভেবেছি, কীভাবে সেই ফোনকলটাকে সম্মান করা যায়। তিনি ফোন করায় আমি খুব সম্মানিত বোধ করছি। এখন আমার কাজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই মিলে একটা দল। আমরা বাংলাদেশকে সমর্থন করি। সবাই মিলেই দেশের ক্রিকেটের জন্য কাজ করব।’
বিসিবির নতুন সভাপতি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল