গাইবান্ধায় ইউপি নির্বাচন

তফসিল ঘোষণার ১০ মাসেও হয়নি নির্বাচন, এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:২১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাটামোড় এলাকায় এ মানববন্ধন করা হয়।

ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্বে করেন সমাজসেবক এনামুল হক। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ নাসির উদ্দীন, স্থানীয় বাসিন্দা গোপাল মোহন্ত, শিক্ষক শহিদুল ইসলাম, ভিক্ষু শেখ, শফিকুল ইসলাম, আবদুল হালিম ও সাবু শেখ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাপমারা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। কিন্তু অনিবার্য কারণবসত ইসি ভোটগ্রহণ স্থগিত করে দেয়।

পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম মেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কিন্তু তিনি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২য় প্যানেল চেয়ারম্যানের আবু তালেব মেম্বারকে ভারপ্রাপ্ত দায়িত্ব চেয়ারম্যানের দেওয়া হয়। আবু তালেব ৫ আগস্টের পর গ্রেপ্তার হলে পদটি আবারও শূন্য হয়। বর্তমানে ইউনিয়ন সচিব দায়িত্ব পালন করছেন। এতে করে ওই ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, সরকারের প্রস্তাবিত ইপিজেড এই ইউনিয়নের মধ্যেই অবস্থিত। ইপিজেড নির্মাণে সকল পদক্ষেপ সম্পন্ন হলেও স্থানীয় সমস্যার কারণে সরকার ইপিজেডের স্থাপনা নির্মাণের কাজ শুরু করতে পারছে না। নির্বাচিত চেয়ারম্যান হলে এ সমস্যা সহজেই সমাধান হবে। এজন্য নির্বাচিত চেয়ারম্যান জরুরি হয়ে পড়েছে। তাই অনতিবিলম্বে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন করে এলাকার উন্নয়ন গতিশীল করাসহ উন্নয়নের দুয়ার উম্মুক্ত করা দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত