আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:০২ পিএম

বেদের মেয়ে জোসনা সিনেমাটি প্রথমে নির্মিত হয়েছিল ঢাকায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। ১৯৯১ সালে কলকাতায় রিমেক করা হয় বেদের মেয়ে জোসনা। মতিউর রহমান পানুর পরিচালনায় সেই সিনেমায়ও ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে অভিনয় করেন চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল। 

এবার চিরঞ্জিৎ জানালেন, ‘বেদের মেয়ে জোসনা’ পুনরায় মুক্তি পাবে। ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। সিনেমার রেস্টোরেশনের কাজও শুরু হয়ে গেছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ডে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

বেদের মেয়ে জোসনা ঝকঝকে প্রিন্টে নতুনভাবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৯ সালেও রি-রিলিজ করা হয়েছিল সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যমে চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক বেদের মেয়ে জোসনা। সিনেমাটি যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা রিপিট করুক। এই যুগেও যদি চলে, তাহলে বুঝব, আজও সিনেমাটির দম আছে।’ 

বেদের মেয়ে জোসনার ব্যবসায়িক সাফল্যের কথা জানিয়ে চিরঞ্জিৎ বলেন, ‘টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল বেদের মেয়ে জোসনা। সে সময়ে টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতেই বোঝা যায়, দর্শক কতটা আপন করে নিয়েছিল সিনেমাটিকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত