ভারী বর্ষণে প্লাবিত পল্লবীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমিনুল হক

আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:৪৬ পিএম

ভারী বর্ষণে প্লাবিত পল্লবীর রূপনগর থানার বেশ কিছু এলাকার ৩ হাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলমান রয়েছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নির্বাচনী এলাকা পল্লবী রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চার দিন ধরে রান্না করা খাবার তুলে দিচ্ছেন।

আজ রবিবার দুপুরে প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন, তাদের কথা শোনেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা-১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২ নম্বর ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫ নম্বর ওয়ার্ড বাউনিয়াবাধ বস্তি, রূপনগর থানা ৯২ নম্বর ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আঞ্চলিক ৬ নম্বর ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা হচ্ছে।

খাবার বিতরণের সময় আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারগুলোকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।

বিএনপি এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত