কেরানীগঞ্জের কদমতলীতে অবস্থিত আল বারাকা হাসপাতালে এক প্রসূতি মায়ের পেট থেকে নবজাতকে বের করার সময় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলার অভিযোগ উঠেছে। এতে নবজাতকটি মারা যায়।
পরে তড়িঘড়ি করে একজন চিকিৎসক ডেকে এনে ওই প্রসূতি মায়ের অপারেশন করে পেট থেকে নবজাতকের বাকি অংশ বের করে আনা হয়। রবিবার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রসূতির নাম সাথী বেগম (৩৮)। স্বামীর নাম মাইনুদ্দীন। কালিগঞ্জ তেলঘাট এলাকায় তাদের বাড়ি।
জানা যায়, ওই দম্পতির ইতিমধ্যে ৩ সন্তান রয়েছে। রবিবার সন্ধ্যায় সাথী বেগমের প্রসব বেদনা উঠলে স্বজনরা নিকটবর্তী কদমতলী মডেল টাউন এলাকায় আল বারাকা হাসপাতালে নিয়ে যান। রাত ৯ টার দিকে রোগীকে ওটি নিয়ে যান নার্স আমেনা আক্তার ও মিডওয়াইফকারী শাহিনা আক্তার। এ সময় হাসপাতালের দুই আয়াও উপস্থিত ছিলেন। তবে সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। ওটিতে নেওয়ার পর নার্স ও মিটওয়াইফকারী মায়ের পেট থেকে নবজাতককে বের করে আনার চেষ্টা করতে থাকেন। এ সময় তাদের টানাটানিতে নবজাতকের দেহ হতে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দেহ পেটের ভেতর রয়ে যায়। পরে রাত ১১ টার দিকে একজন চিকিৎসককে ডেকে এনে অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে নবজাতকের দেহ বের করে আনা হয়। পরে খবর পেয়ে রাতেই হাসপাতাল পরিদর্শন করে অভিযুক্ত নার্স ও মিডওয়াইফকারীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় সোমবার কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত নবজাতকের পিতা মাইনুদ্দীন।
স্থানীয়রা জানান, আল বারাকা হাসপাতালের মালিক রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান জামান। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। বর্তমানে হাসপাতালটি পরিচালনা করছেন খাইরুল ইসলাম রিপন নামে এক ব্যক্তি। হাসপাতালে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি বলেন, এক দুর্ঘটনা ঘটে গেছে। আমরা চেষ্টা করছি সমঝোতা করার।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, জন্মদানের সময় একজন নবজাতক মারা গিয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১১০ মার্কিন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব
ঈদে ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি 