টাঙ্গাইলে হু হু করে বাড়ছে যমুনা নদীর পানি, বন্যার আশঙ্কা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির প্রবাহে যমুনার নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।  

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ৩০ মে থেকে পাঁচদিন ধরে যমুনার নদীর পানি বাড়ছে। মঙ্গলবার (৩ জুন) সকালে যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে আগের দিনের চেয়ে ৬৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র ২ দশমিক ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন গড়ে ৭ থেকে ১০ সেন্টিমিটার হারে পানি বাড়ছে।

ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জুনা ও গোবিন্দাসী ইউনিয়নের চরাঞ্চলের নিচু এলাকায় ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীভাঙনও শুরু হয়েছে। ভূঞাপুরের বেশ কিছু এলাকায় নদীতীর ভেঙে ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামত বা নদীতীর রক্ষা প্রকল্পে নজর না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির মুখে পড়তে হয়।  

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, জেলার নদীগুলোতে বর্তমানে পানি বৃদ্ধির যে প্রকরণ দেখা যাচ্ছে-তাতে বন্যা হওয়ার আশঙ্কা নেই। এ পানি কমে যাবে এবং দ্বিতীয় পর্যায়ে আবার বর্ষার পানি বাড়বে। তখন বন্যার আশঙ্কা সৃষ্টি হলে জনসাধারণকে সতর্কবার্তা দেওয়া হবে।

তিনি জানান, নদী ভাঙনরোধে জরুরি ব্যবস্থা হিসেবে সব ধরনের লজিস্টিক সাপোর্ট তাদের রয়েছে। মাঠ পর্যায়ে নদীগুলোর খোঁজখবর নিয়মিত রাখাসহ
পানি বৃদ্ধি মনিটরিং করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত