পার্লামেন্টে আস্থা ভোটে হারার পর পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট হল।
২০২১ সালে ক্ষমতায় বসা ওয়ুন-এর্দেন পদত্যাগ করলেও আপাতত তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আগামী ৩০ দিনের মধ্যে তার উত্তরসূরী বেছে নেওয়া হবে।
১২৬ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তার ন্যূনতম ৬৪ ভোট লাগতো। কিন্তু আস্থা ভোটে রায়-ই জানান ৮২ আইনপ্রণেতা। তার মধ্যে ৪৪ জন ওয়ুন-এর্দেনের পক্ষ নেন, ৩৮ জন যান বিপক্ষে।
পরে মঙ্গলবার মঙ্গোলিয়া পার্লামেন্ট জানায়, অনাস্থা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত না হওয়ায় ওয়ুন-এর্দেন নিজেই পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে।
ভোটের আগে দুই সপ্তাহ ধরে ওয়ুন-এর্দেনের পদত্যাগ দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ দেখেছে মঙ্গোলিয়া। এসব বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বয়সে তরুণ।
বিক্ষোভকারীরা ওয়ুন-এর্দেনের ছেলের জাঁকজমকপূর্ণ জীবনযাপনের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিল।
