ইশরাক হোসেনের শপথের বিষয়ে ইসির আর কিছুই করণীয় নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে। ফলে ইশরাকের শপথের বিষয়ে ইসির আর কিছুই করণীয় নেই।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি) এ রায় দেন আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করা হয়।
রবিবার সন্ধ্যায় ইশরাকের শপথ ইস্যুতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায়ে আদালত বলেন, ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। সে বছরেই ৩ মার্চ নির্বাচনে অনিয়মের- জালিয়াতির অভিযোগ তুলে মামলা দেন ইশরাক হোসেন। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার।
অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। তবে বিভিন্ন কারণ এবং আইনি জটিলতা সামনে আশায় এখনো তাকে শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত পিকআপে আগুন
২০২৭ সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম: শিক্ষা উপদেষ্টা