জবি ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক গঠনমূলক ও সচেতনতা-ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
 
বৃহস্পতিবার (৫ জুন) এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়,ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ হাতে গাছ রোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষার অঙ্গীকারই পুনর্ব্যক্ত করেননি, বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশের জন্য ছাত্রসমাজের দায়িত্ববোধকেও উদ্ভাসিত করেছেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন। উপস্থিত ছিলেন সংগঠনের বহু দায়িত্বশীল নেতাকর্মী, যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচিকে সফল করে তোলেন।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নয়, জাতীয় জীবনের প্রতিটি প্রগতিশীল ও মানবিক ইস্যুতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। পরিবেশ রক্ষা আজকের সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, আর ছাত্রদল সেই চ্যালেঞ্জকে বুকে ধারণ করেই লড়াই চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করাই আজকের কর্মসূচির মূল লক্ষ্য। ছাত্রদলের প্রতিটি কর্মী বিশ্বাস করে—সবুজ বিপ্লবই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের সোপান।’

উল্লেখযোগ্য যে, অতীতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যা প্রমাণ করে সংগঠনটি কেবল রাজনৈতিক আন্দোলনের বাহকই নয়, বরং সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত