আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণার পরপরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশ মিশন দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে।
গতকাল শুক্রবার ইইউর বাংলাদেশ মিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আমরা আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই উত্তরণকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
ইইউ আরও বলেছে, ‘স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণ করার জন্য এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণের কাজে অগ্রসর হওয়ার জন্য ইইউ সকল অংশীদারদের প্রতি আহ্বান জানায়।’
এর আগে, একই দিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও জানান, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি