সেনা অভিযানে মাধবপুরের শীর্ষ সন্ত্রাসী বেনু মেম্বার গ্রেপ্তার 

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৭:০৩ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ঈদের দিন দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ ৬০/৭০ জন আহত হওয়ার ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী বেনু মিয়া মেম্বারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার (৮ জুন) বিকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আদিল হোসেনের ছেলে।

বেনু মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামি।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে এর আগে বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল বেনু মিয়া।

বেনু মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকার মীরপুর থানার একটি, রামপুরা থানায় একটি ও মাধবপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও মাধবপুর থানায় আরও অন্তত চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার বেনু মিয়াকে মাধবপুর থানায় হস্তান্তর করা হবে বলে সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত