ঢাকায় গতকাল রবিবার দিনের তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবারও গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
আজ সোমবার সকাল ৬টায় রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, দিনের বেলায় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে ঢাকাবাসীকে আজ আরও বেশি গরমের অনুভূতির জন্য প্রস্তুত থাকতে হবে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত, অর্থাৎ ছয় ঘণ্টার জন্য দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
সকালবেলায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এর আগে গতকাল রবিবার রাতে দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—আজ সোমবার দেশের আটটি বিভাগেই, অর্থাৎ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় সাময়িকভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া, চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে রাজশাহী, রংপুর, পঞ্চগড়, ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে।
সারা দেশেই আজ দিনের পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মধ্যরাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ