সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্ট লাগবেই কাবরেরার

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ততটা উপচে পড়া ভীড় ছিল না। যেমন ভীড় ছিল গত মার্চে হামজা চৌধুরীর প্রথম সংবাদ সম্মেলনে। এমনকি ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনের চেয়েও ভীড় কম ছিল সোমবার। শুরুতেই এলেন সিঙ্গাপুরের কোচ সুতমু ওগুরা ও ফুটবলার আমিরুল আদিল। পরের ধাপে এলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০ জুন খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ভারতের সঙ্গে ড্রয়ের পর এবার বাংলাদেশের চোখ পুরো ৩ পয়েন্টে। বিশেষ করে হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও শমিত সোমদের দলে যোগ দেওয়ার পর বাংলাদেশের আত্মবিশ্বাস যেন বেড়েছে। আর তার রেশ দেখা গেছে কোচ কাবরেরার কণ্ঠে।

এই ম্যাচে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এমন প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিঙ্গাপুরও ৩ পয়েন্ট নিতে চাইবে এটাই স্বাভাবিক। কারণ গ্রুপের টপ টিম কোয়ালিফাই করবে। তাই এই ম্যাচে সবাই মনোযোগী। যে কারোর সঙ্গেই ভালো ফুটবল খেলতে হবে। তবে আমরা বিশ্বাস করি, আমরা জিতবো।’

কাবরেরা ও তার দলের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এ ম্যাচে সে জন্যই লড়াই করবে বাংলাদেশ। কোচ বলেন, ‘আবারও বলছি প্রস্তুতি ভালো। গেম প্ল্যানও ভালো আমাদের। তবে আমাদের ফুটবলের লেভেলটা আরও উন্নতি করতে হবে। সেই চেষ্টা করছি। ভারতের সঙ্গে আমরা যেমন ভয়ডরহীন ফুটবল খেলেছি সেটা খেলব। আমাদের অবশ্যই সেরাটা খেলতে হবে। অন্য কোনও বিকল্প নেই। কাল আশা করি ভালো খেলবো। আমাদের ৩ পয়েন্ট পেতেই হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত