আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে পোশাক শিল্পে শোকের ছায়া

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৪৫ এএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার অকাল মৃত্যুতে দেশের তৈরি পোশাক শিল্পে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, সংগঠনটির নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)। এছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের বন্ধুমহল আবদুল্লাহ হিল রাকিবকে একজন ডাইনামিক উদ্যোক্তা এবং একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। যিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নিরলসভাবে কাজ করেছিলেন।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রবিবার কানাডার স্টারজিয়ন লেকে নৌকা ডুবে বিজিএমইএর প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিবের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। অপর একটি সূত্র জানিয়েছে, একই ঘটনায় বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান মারা যান।

বিবৃতিতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

জানা গেছে, ঈদের ছুটি কাটাতে গত বৃহস্পতিবার রাকিব ঢাকা থেকে কানাডার টরন্টোতে পৌঁছান। পরবর্তী সময়ে বন্ধুর সঙ্গে টরন্টো থেকে দূরে স্টারজিয়ন লেকে বেড়াতে যান। সেখানে নৌকা ভ্রমণের একপর্যায়ে নৌকা উল্টে যায়। তখন রাকিবের ছেলে সাঁতার কেটে কূলে উঠতে পারলেও রাকিব পারেননি। সাইফুজ্জামান সাঁতার কেটে কূলের কাছাকাছি আসতে পারলেও শেষ পর্যন্ত তাকেও বাঁচানো যায়নি।

আবদুল্লাহ হিল রাকিবের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, কানাডার আনুষ্ঠানিকতা শেষ আগামী বৃহস্পতিবার মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ঢাকায় আসার পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

বিকেএমইএ শোক

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, বিকেএমইএ তথা বাংলাদেশের পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। আমাদের সবারই অত্যন্ত প্রিয়মুখ টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব আর নেই। তার মৃত্যুতে বিকেএমইএ গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। তার বিদায়ে দেশের পোশাক শিল্পে বিশাল শূন্যতা তৈরি করল বলে আমরা মনে করি, যা এক অপূরণীয় ক্ষতি।

শুক্রবার রাতে আসবে মরদেহ, শনিবার জানাজা, বনানীতে দাফন

আবদুল্লাহ হিল রাকিবের মরদেহ বিমানের একটি ফ্লাইটে আগামী শুক্রবার রাতে ঢাকায় ফিরবে। বর্তমানে তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। কানাডার টরন্টোর ড্যানফোর্থে সুন্নাতে জামাত মসজিদে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বিমানের একটি ফ্লাইটে রাকিবের মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা দেশের উদ্দেশে রওনা দেবেন। সব ঠিক থাকলে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছাবেন তারা। আগামী শনিবার উত্তরায় বিজিএমইএ ভবন ও বনানী ডিওএইচএসে আবদুল্লাহ হিল রাকিবের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত