পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক কৃষক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রহিম জোমাদ্দার (৬০) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর অডেল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক এবং রত্তন জোমাদ্দারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রহিম জোমাদ্দারের সঙ্গে একই গ্রামের কামাল হাওলাদারের (৫৮) জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার (১১ জুন) সন্ধ্যায় সাতটার দিকে কামাল হাওলাদার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে রহিম জোমাদ্দারের বাড়িতে হামলা চালায়। হামলায় রহিম জখম হন। বাবাকে বাঁচাতে ছুটে আসেন তাঁর দুই ছেলে রিয়াজ জোমাদ্দার (২৫) ও হাসান জোমাদ্দার (২২)। হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হয়ে মারধর করে।
তিনজনকেই গুরুতর আহত অবস্থায় রাতেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রিয়াজ ও হাসানকে ভর্তি করা হয়, আর রহিম জোমাদ্দারকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রাত সাড়ে ১০টার দিকে মরদেহ বাউফল হাসপাতালে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত কামাল হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম গাজী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
শেখ হাসিনাসহ সব ‘অপরাধীর বিচার’ সম্পন্নের দাবি দুলুর