চন্দনাইশে শান্তিবাহিনীর অপহরণ, সেনা অভিযান শেষে উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:০৭ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকার তিন জন গ্রামবাসীকে অস্ত্রের জোরে অপহরণ করেছিল সশস্ত্র শান্তিবাহিনী। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটে এই ঘটনা। তবে সেনাবাহিনীর দ্রুত ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে অপহৃতরা উদ্ধার হয়।

অপহৃতরা হলেন মো. হারুন (৭০) ও তার দুই ছেলে নোমান (২০) এবং মাঈম (১৫), যারা ওই এলাকায় বসবাস করতেন।

সেনা সূত্র জানায়, শান্তিবাহিনীর আট সদস্য পূর্ব এলাহাবাদের চাইলাছড়ি এলাকায় থেকে তিন গ্রামবাসীকে জোরপূর্বক তুলে নেয়। তাদের মধ্যে একজনকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আনার শর্তে মুক্তি দেওয়া হলেও বাকি দুইজনকে পাহাড়ের অভিমুখে নিয়ে যাওয়া হয়।

মুক্তিপণ দিয়ে ফেরত আসা ব্যক্তি বিষয়টি সেনা ক্যাম্পে জানালে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধের নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে অভিযান পরিচালনা করে।

সন্ত্রাসীদের আশ্রয়স্থল তিন দিক থেকে ঘিরে ফেলার ফলে অপহরণকারীরা সেনা উপস্থিতি টের পেয়ে অপহৃত দুই কিশোরকে রেখে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে বিকেল ৫টা ৩০ মিনিটে পরিবারের কাছে হস্তান্তর করে।

দীর্ঘদিন ধরে এই এলাকায় শান্তিবাহিনীর অপহরণের ঘটনা ঘটলেও আজকের সফল অভিযানে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত