সোনাগাজী

চাঁদা না দেয়ায় চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:২৭ পিএম

ফেনীর সোনাগাজীতে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক চক্ষু চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে চক্ষু চিকিৎসক গোলাম রাসুলের চেম্বারে এ ঘটনা ঘটে। হামলায় নারীসহ আহত হয়েছে পাঁচজন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নিজ বাড়িতে রোগী দেখছিলেন ডা. গোলাম রসুল। এ সময় স্থানীয় আড়কাইম গ্রামের পাটোয়ারী বাড়ির ইকবাল হোসেন ও তার সহযোগী নুর হায়দারসহ কয়েকজন জোরপূর্বক চেম্বারে প্রবেশের চেষ্টা করেন। 

চিকিৎসকের সহকারী ইব্রাহিম তাদের অপেক্ষা করতে অনুরোধ করলে ইকবাল হোসেন ও তার সহযোগীরা বাক-বিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালায়। বসতবাড়ির দরজা, জানালা, সিসিটিভি ক্যামেরা, মনিটর, সিলিংফ্যান সহ ঘরের আসবাব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, হামলার সময় চিকিৎসকের স্বজনরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করেন। এতে আহত হন চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবি মরিয়ম, ভাই গোলাম বাতেন, ভাতিজা রুমন, ভাগিনা ফাহিমুল হকসহ পাঁচজন।

ঘটনার পর শনিবার সকালে চিকিৎসক গোলাম রসুল গণমাধ্যমে ভিডিও বার্তা প্রেরণ করেন। তিনি বলেন,অভিযুক্তরা গত কয়েক মাস ধরে নানা উপায়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার অভিযুক্তরা দলবল নিয়ে এসে আমার সহকারী ইব্রাহিমের সাথে অশোভন আচরণ করে তাকে মারতে উদ্যত হয়। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই চেম্বার ও বসতবাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের মারধরে আমার ভাই-বোন ভাতিজা সহ পাঁচজন আহত হন।

তিনি আরো বলেন, হামলার সময় অভিযুক্তরা মাসোয়ারা না দিলে চেম্বার না খুলতে হুমকি দিয়ে চলে যায়। পরে সোনাগাজী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি তার পরিবারের নিরাপত্তা ও দোষীদের বিচারের জন্য প্রশাসনের আহবান জানান।

অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ইকবাল, হায়দার ও তাদের সহযোগীদের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়রা জানায় চিকিৎসকের চেম্বারে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা গা-ঢাকা দেয়।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীর তরফ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত