'আমি কোচ, ম্যানেকুইন নই, পচেত্তিনোর হুঁশিয়ারি মার্কিন তারকাদের

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:১০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনো স্পষ্ট বার্তা দিয়েছেন—কোন খেলায় অংশ নেবেন আর কোনটিতে বিশ্রাম নেবেন, সেই সিদ্ধান্ত খেলোয়াড়েরা নেবেন না।

এসি মিলানের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ গোল্ড কাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করলেও মূল টুর্নামেন্টে বিশ্রাম চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে সায় দেননি পচেত্তিনো। বরং ২৬ বছর বয়সী পুলিসিচকে তুরস্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দলে রাখেননি তিনি।

২০২৩ সালের জুলাইয়ে চেলসি ছেড়ে এসি মিলানে যোগ দেওয়ার পর ক্লাব ও দেশের হয়ে ১১৪টি ম্যাচ খেলেছেন পুলিসিচ। এত ম্যাচ খেলার পরও গোল্ড কাপ থেকে সরে যাওয়ার ইচ্ছায় ক্ষোভ ঝরেছে সাবেক মার্কিন তারকা ল্যান্ডন ডোনোভান ও আলেক্সি লালাসের কণ্ঠে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সিবিএস স্পোর্টসকে পুলিসিচ বলেন, 'আমি কোচের সিদ্ধান্তকে সম্মান করি, তবে বুঝতে পারিনি। জাতীয় দলের প্রতি আমার প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা সীমা ছাড়িয়ে গেছেন।'

এ প্রসঙ্গে শনিবার পচেত্তিনো বলেন, 'খেলোয়াড়দের বুঝতে হবে না—শুনতে হবে এবং আমাদের পরিকল্পনার সঙ্গে থাকতে হবে। তারা পরিকল্পনা ঠিক করে দিতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কেন তাকে দুটি প্রীতি ম্যাচে দলে রাখা হয়নি, সেটা আমরা ব্যাখ্যা করেছি। যদি তারপরও তার সমস্যা থাকে, সেটা আমার বিষয় না। আমি হেড কোচ, কোনো ম্যানেকুইন নই।'

প্রসঙ্গত, গোল্ড কাপের আগে টানা চতুর্থ হারের মুখ দেখেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের কাছে ২-১ এবং সুইজারল্যান্ডের কাছে ৪-০ গোলে হারের পর আগামী রোববার সান হোসেতে ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত