কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে আজিজুল হক রবিন নামের এক যুবক আত্মহত্যা করেছেন । রবিবার (১৫ জুন) উজিরপুর ইউনিয়ন জগমোহনপুর গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল হক রবিন উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর পূর্বে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়াল গাও গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে জান্নাত আরা নামে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পরকীয়া সন্দেহে উভয়ের ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও নাছিমা আক্তারকে আনতে ব্যর্থ হয় আজিজুল হক রবিন। দুই মাস আগে নাছিমা আক্তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন আজিজুল হক রবিনকে বিষয়টি অবগত করেনি। আজিজুল হক রবিন ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদানের পরিচয়পত্র খুঁজতে গিয়ে ডিভোর্স লেটার দেখতে পান। এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগতেন। রবিবার সকালে বাড়ির পাশের একটি গাছে আজিজুল হক রবিনের মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, ‘আজিজুল হক রবিনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
