কোচ আলোনসোর সঙ্গে 'অনেক কিছু' জিততে চান ভিনি

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ভিনিসিউস জুনিয়র। নতুন কোচকে সঙ্গে নিয়ে অনেক সাফল্য বয়ে আনার লক্ষ্য ভিনির। যার শুরুটা তিনি করতে চান নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ দিয়ে। কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়েছেন ব্রাজিল জাতীয় দলের। তার উত্তরসূরি হিসেবে ডাগআউটে এসেছেন বায়ার লেভারকুজেনের সাবেক কোচ আলোনসো।

ক্লাব বিশ্বকাপের শিরোপা পাঁচবার জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে সেগুলো আগের ফরম্যাটে, তখন চ্যাম্পিয়ন হতে রিয়ালকে খেলতে হয়েছে সর্বোচ্চ দুই ম্যাচ। রিয়াল মাদ্রিদ টিভির সঙ্গে আলাপে ২৪ বছর ভিনি বলেন, 'আমরা এই প্রথম (ক্লাব) বিশ্বকাপ জিততে উন্মুখ, কারণ মানুষ প্রথমটির কথা কখনও ভুলে যায় না আমরা এটা জেতার জন্য খেলব।'

শনিবার আলোন্সোর সঙ্গে দেখা হওয়ার আগেই তার সঙ্গে কথা হয়েছে, জানান ভিনি। 'আমরা কঠোর অনুশীলন করছি, ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ইতিমধ্যেই কোচের সঙ্গে কথা বলেছি। আমি খুব খুশি এবং তার সঙ্গে অনেক কিছু জিততে এখন কাজ চালিয়ে যাওয়ার সময়।'

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী বুধবার সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের অভিযান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত