ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে জেলা শহর লাগোয়া হাটলক্ষীগঞ্জ এলাকার মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনালে লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে নিখোঁজ এক যাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। তার নাম লোকমান হোসেন (৩৭)।
মঙ্গলবার (১৭ জুন) সকালে লঞ্চঘাটের অদুরে মোল্লাচর এলাকা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। যাত্রী লোকমান ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এরআগে রবিবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে ঢাকার সদরঘাটগামী এমভি ফারহান-৩ লঞ্চটি মুন্সীগঞ্চ লঞ্চঘাটে নোঙর করে যাত্রী উঠানামা করতে গেলে অসাবধানতাবশত: ধলেশ্বরীতে পড়ে নিখোঁজ হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ যাত্রীর সন্ধানে সোমবার সকাল ৯ টা থেকে উদ্ধার তৎপরতায় নামেন ফায়ার সার্ভিসের ডুবুরীদল। দিনভর তৎপরতা শেষে লাশ না পেলে রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। পরে আজ সকালে পুনরায় উদ্ধার কাজে নামলে লঞ্চঘাটের অদুরে মোল্লাচর এলাকা সংলগ্ন ধলেশ্বরীতে নিখোঁজ যাত্রীর লাশ ভেসে উঠে। পরে ডুবুরীদল লাশ উদ্ধার করে।
প্রসঙ্গত: গ্রামের বাড়িতে ঈদ উপযাপন শেষে ররিবার রাতে এমভি ফারহান-৩ লঞ্চে চড়ে স্ত্রী-সন্তানসহ ঢাকার কর্মস্থলে ফিরছিলেন লোকমান হোসেন। তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে রাজমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
হাসিনা ও আসাদুজ্জামানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি 