৬ বছর পর নারী ওয়ানডের শীর্ষ ব্যাটার স্মৃতি মান্ধানা, জ্যোতি কতো নম্বরে

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা আইসিসি-র নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান দখল করেছেন। ২০১৯ সালের পর এই প্রথম তিনি ১ নম্বর স্থানে ফিরলেন। তার রেটিং পয়েন্ট এখন ৭২৭।

দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড ১৭ রেটিং পয়েন্ট হারিয়ে নেমে গেছেন দ্বিতীয় স্থানে, যেখানে তিনি ইংল্যান্ডের নাট সিভার-ব্রান্টের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন (৭১৭ পয়েন্ট)।

মান্ধানা চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫১ রান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ট্রাই-সিরিজের ফাইনালে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই দুটি ছিল তার শেষ দুটি ওয়ানডে ম্যাচ।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন ইংল্যান্ডের অ্যামি জোন্স ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি। ভারতীয়দের মধ্যে শীর্ষ দশে রয়েছেন কেবল মান্ধানা। জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর রয়েছেন যথাক্রমে ১৫ ও ১৬ নম্বরে। বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি ২২ ও শারমিন আক্তার সুপ্তা ২৩ নম্বরে রয়েছেন। ফারজানা হক পিংকি ২৮-এ। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোফি এক্লেস্টোন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও মেগান স্কাট। বাংলাদেশের নাহিদা আক্তার ১০ নম্বরে। 

অলরাউন্ডারদের তালিকায় তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রথম তিন স্থানে রয়েছেন যথাক্রমে অ্যাশলি গার্ডনার, হেইলি ম্যাথিউস ও মারিজান ক্যাপ। নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন, যিনি চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেবেন, রয়েছেন নবম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত