ফেনী সীমান্তে ১১ জন বাংলাদেশিকে পুশইন 

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

রাতের আঁধারে ফেনী সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। আটকরা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরি আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। কাজের উদ্দেশ্যে চোরাইপথে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। আটকদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটকরা জানিয়েছে, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার মুম্বাই থেকে ৩৫০ জনকে বিমানযোগে আগরতলা আনা হয়। পরে তাদের পুশইনের জন্য বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে। 

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

এর আগে গত ৩০ মে ছাগলনাইয়ার একই সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন এবং ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত