নারায়ণগঞ্জ

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ফেলে দেন বাবা-মা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকাসক্ত ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে তাকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা। এ ঘটনায় সহযোগিতা করেন মা। 

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল হাসিনুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল হক, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, এসআই শামীম।

নিহত জনি সরকার (২৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকার ও অসিতা রানী সরকারের ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল হাসিনুজ্জামান জানান, ফতুল্লার লালখা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া থেকে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন করুনা সরকার। তার ছেলে জনি সরকার মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায় সময় জনি তার বাবা মাকে মারধর ও মানসিক নির্যাতন করতেন।

তিনি আরও বলেন, ১৬ জুন রাতেও জনি তার বাবা-মাকে মারধর করেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুনা সরকার আঘাত করে। এতে জনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেয় করুনা সরকার। পরদিন ১৭ জুন সকালে পুলিশ ড্রেন থেকে বস্তাবন্দি জনির লাশ উদ্ধার করে। এ ঘটনার পর বাবা করুনা সরকার বাদী হয়ে মামলা করেন। এ মামলার তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত