ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশইন

আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চাপসার বিওপি সীমান্তের ৩৪৭ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তর হতে তাদের বাংলাদেশের ভূখণ্ডে পুশইন করা হয়।

বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজন পুরুষ, চারজন নারী এবং এক শিশুকে আটক করে। আটকরা হলেন যশোর জেলার নোয়াপাড়া থানার গাজিরহাট পেরুলী গ্রামের সাহিনা বেগম (৪৬), মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল শেখ (১৭), রেকসোনা খাতুন (২৬) ও মোছা. ছাবিনা খাতুন (২৪)। এছাড়া নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের আয়না খাতুন (৩৫) ও তার মেয়ে আরিফা খাতুন (৪)।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ২০-২৫ বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে তারা মুম্বাই যান এবং সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে সীমান্ত এলাকায় রেখে যায়। আটকদের পরিচয়পত্র যাচাই শেষে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত