ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একদিনে পৃথক দুই ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রি এবং লিচুর বিচি গলায় আটকে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুল্যা গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন (৩৫) মিত্রবাটি গ্রামে আনোয়ারের বাড়িতে ঘরের চালে টিন লাগানোর কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই দিন সকালে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মাহমুদুলের আট মাস বয়সী ছেলে হোসেন লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, সকালে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এছাড়া বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে ইসিজি পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ঈদে পত্রিকা বন্ধ থাকবে পাঁচ দিন