কোপা লিবার্তাদোরেসের নকআউটে জায়গা করে নিলেও ঘরোয়া লিগে খাদের কিনারায় ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো। বারো ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে তারা। অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্টের ব্যবধান। ঠিক এমন সময়েই কোচ লুইস সুবেলদিয়া দায়িত্ব ছেড়ে দেন, আর সেই জায়গায় আবারও দায়িত্ব নিলেন হেরনান ক্রেসপো।
২০২১ সালে সাও পাওলোকে আট বছরের শিরোপা-খরা কাটিয়ে পাউলিস্তা চ্যাম্পিয়ন করিয়ে ছিলেন ক্রেসপো। এবার ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি করেছেন আর্জেন্টিনার এই সাবেক তারকা স্ট্রাইকার। এর আগে সৌদি আরবের আল-আইন ক্লাবে খেলার সেরা সময় না কাটিয়ে বিশ্রামে ছিলেন তিনি।
সাও পাওলো সভাপতি হুলিও কাসারেস জানালেন, ‘ক্রেসপো আমাদের ক্লাবকে ভালোভাবে চেনেন, এখানে শিরোপা জিতেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছিল সম্পর্ক। এখনই উপযুক্ত সময় তার প্রত্যাবর্তনের।’
ফিরেই সমর্থকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ক্রেসপো বলেন, ‘আমি ফিরতে পেরে গর্বিত ও আনন্দিত। শিগগিরই ভরা মরুম্বি স্টেডিয়ামে দেখা হবে।’
তার সঙ্গে থাকবেন আগের সহকারী হুয়ান ব্রান্দা, গোলরক্ষক কোচ গুস্তাভো নেপোতে, এবং দুই ফিটনেস কোচ ফেদেরিকো মার্তিনেত্তি ও লিয়ান্দ্রো পাস।
২০২১ সালে ছাঁটাই হওয়ার পর প্রাপ্য প্রায় ১০ লাখ ডলার বকেয়া নিয়ে সাও পাওলোকে আদালতে নিয়ে গিয়েছিলেন ক্রেসপো। ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়ে তখনো ক্লাবটি। অবশেষে আদালতের রায় তার পক্ষে গেলে ক্লাবটি কিস্তিতে সেই অর্থ পরিশোধের প্রস্তাব দেয়। এবারকার নতুন চুক্তিতে সেই বকেয়ার অর্থ ধাপে ধাপে বেতনের সঙ্গে মিলিয়ে পরিশোধের চুক্তি হয়েছে। বিষয়টি সহজভাবে মেনে নিয়েছেন ক্রেসপো।
কোপায় দারুণ ফল করলেও ঘরোয়া লিগে টানাপড়েনে থাকা সাও পাওলো দল গোছাতেও ভুগছে। বাজেট সংকটে পড়ে তারা নজর দিয়েছে সস্তায় কার্যকর চুক্তিতে। সেই লক্ষ্যেই স্পোর্টিং লিসবন থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বিয়েলকে ধারে নিতে চাচ্ছে ক্লাবটি। বাহিয়াতে ভালো খেলে নজর কাড়লেও পর্তুগালে পিঠের চোটে বেশি সময় কেটেছে মাঠের বাইরে। তবে দুই উইং ও নম্বর টেন হিসেবে খেলার সক্ষমতা থাকায় তাকে দলে টানতে চায় সাও পাওলো।
ফুটবলীয় সঙ্কট, অর্থনৈতিক টানাপোড়েন আর ক্লাব-সমর্থক বিভাজনের সময়েই হাল ধরলেন হেরনান ক্রেসপো। এখন দেখার, এই আর্জেন্টাইন তারকা কোচ ক্লাবকে টেনে তুলতে পারেন কি না।
আগস্টেই বাংলাদেশের নাগরিকত্ব পাচ্ছেন জায়ান হাকিম!
নাজমুলের ব্যাটে দৃঢ়তা, গল টেস্টে চালকের আসনে বাংলাদেশ