ইসি স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না: সিইসি

আপডেট : ২১ জুন ২০২৫, ১১:৫০ এএম

ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (২১ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে তো নির্বাচনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না।

নির্বাচনের রোডম্যাপ কবে দেবেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলে আপনারা সবই জানতে পারবেন। যে কোনো অফিসের একটা কর্মপরিকল্পনা থাকবে। এত বড় একটা নির্বাচন হবে, একটা কর্মপরিকল্পনা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য। নট ফর শেয়ারিং এভরিবডি যে আপনারা জানুন। এটা নিজস্ব, সংশোধন হতে পারে, এদিক-ওদিক হতে পারে। একটা সম্ভাব্য একটা কর্মপরিকল্পনা প্রথম থেকেই করেছি তো।

সিইসি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের তারিখ যথা সময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নেই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত