টাঙ্গাইলের ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভিতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আনুমানিক তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ছিলো হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
