ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে লাল কার্ড দেখেছেন চেলসির স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। ম্যাচটি ৩-১ গোলে হেরে গেল চেলসি। লাল কার্ডের ঘটনায় তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন জ্যাকসন।
গতকাল শুক্রবার রাতে ম্যাচের ৬৮তম মিনিট চলছিল। চেলসি তখন ২-১ গোলে পিছিয়ে। এমন সময় ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লুকাস আয়ারটনকে মারাত্মকভাবে ফাউল করে বসেন কয়েক মিনিট আগেই বদলি নামা জ্যাকসন। সেনেগালের এই স্ট্রাইকারকে লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। চেলসি পরিণত হয় ১০ জনের দলে। পরে তারা আরও একটি গোল হজম করে।
এই নিয়ে চার ম্যাচের মধ্যে দ্বিতীয়বার বহিষ্কৃত হলেন জ্যাকসন। গত মে মাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচেও তিনি লাল কার্ড দেখেছিলেন। এবার ম্যাচের টানটান উত্তেজনার মুহূর্তে এবং দল পিছিয়ে থাকা অবস্থায় ওভাবে বহিষ্কার হওয়ায় নিজের ওপরই বিরক্ত জ্যাকসন।
ক্লাব, সতীর্থ এবং সমর্থাকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, 'আমি দুঃখিত। ক্লাব, স্টাফ, আমার সতীর্থ ও সব সমর্থকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, সবাইকে আমি হতাশ করেছি। আরেকটি লাল কার্ড… সত্যি বলতে আমি নিজের ওপর খুবই ক্ষুব্ধ। দলকে সাহায্য করতে আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, দলকে এভাবে বিপদে ফেলার জন্য নয়। এখনও আমি বুঝতে পারছি না, এটা কিভাবে ঘটল।'
তিনি আরও বলেন, 'তবে এটা ইচ্ছাকৃত ছিল না। ফুটবলের একটা মুহূর্ত মাত্র, যেটা ভুল পথে গেছে। কোনো অজুহাত নয়। আমি পুরো দায় নিচ্ছি। (ভুল থেকে শিখে) আমি ঘুরে দাঁড়াব, বেড়ে উঠব এবং এই দলের জন্য আমি শক্তিশালী হয়ে ফিরব। আমার ওপর যারা বিশ্বাস রেখেছেন, তাদের সবার কাছে…দুঃখিত, দুঃখিত, দুঃখিত।'
ভারতের ব্যাটিং ধসের জন্য গম্ভীরের নির্দেশই দায়ী?
অলিম্পিয়াকোস গুঞ্জনের মাঝেই লেস্টারের অনুশীলনে হামজা চৌধুরী