গত শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন।
উত্তর কোরিয়ার মুখপাত্র আরও বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জন্য ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক ভূমি দখলের মনোভাবই একমাত্র কারণ। আর পশ্চিমা বিশ্ব ইসরাইলের এই কর্মকাণ্ডকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানায়। এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে চরমভাবে হেয় করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আওয়াজ তোলার আহ্বানও জানিয়েছে উত্তর কোরিয়া। পশ্চিমা দেশগুলোর সাথে শীতল সম্পর্ক থাকলেও ইরানের সাথে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক রয়েছে। সামরিক প্রযুক্তি উন্নয়নেও দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।
