বর্ণবাদের অভিযোগে আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে তদন্তে ফিফা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৪:২২ পিএম

বর্ণবাদের বিরুদ্ধে ফিফাসহ ফুটবল ফেডারেশনগুলো কঠোর অবস্থান নিলেও এটাকে পুরোপুরি থামানো যাচ্ছে না। দর্শক তো বটেই, মাঝেমধ্যে খেলোয়াড়দের বিরুদ্ধেও উঠেছে এমন অভিযোগ। এবার চলমান ক্লাব বিশ্বকাপের মাঝে বর্ণবাদের অভিযোগ উঠল মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাবরালের বিরুদ্ধে।

বাংলাদেশ সময় আজ সোমবার সকালে ফিফা ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অভিযোগ উঠেছে যে, ম্যাচের শেষের দিকে রিয়ালের ফরাসি ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন গুস্তাভো। বর্ণবাদের মতো গুরুতর অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও গুস্তাভো সেই অভিযোগ অস্বীকার করেছেন।

ম্যাচের যোগ করা সময়ে রুডিগার এবং গুস্তাভোর মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। তখনই বর্ণবাদী মন্তব্যের ঘটনা ঘটে। রুডিগার সঙ্গে সঙ্গে রেফারিকে বিষয়টি জানান এবং রেফারি রামন আবাতি ফিফার নির্ধারিত ‘X’ চিহ্নের ইঙ্গিত দেন (বুকে হাত ক্রস করে দেখানো), যা বর্ণবৈষম্যের অভিযোগের জন্য ব্যবহৃত হয়। গুস্তাভো পরে স্বীকার করেন যে, রুডিগারকে ‘f----ing coward’ বলেছিলেন।

ম্যাচ শেষে রুডিগার অভিযোগের বিষয়ে কথা বলেন রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘তোনি (রুডিগার) আমাদের জানিয়েছে সে কী শুনেছে। আমরা তাকে বিশ্বাস করি। এটি একেবারেই অগ্রহণযোগ্য। ফিফার প্রোটোকল অনুযায়ী এখন তদন্ত চলছে।’ পাচুকা কোচ জাইমে লোজানো বলেন, ‘আমি ঘটনাটি দেখিনি। ওর সঙ্গে কথা বলতে হবে। তবে গুস্তাভোর বিরুদ্ধে এরকম অভিযোগ আগে কখনও ওঠেনি।’

এদিকে অভিযোগ অস্বীকার করে গুস্তাভো ম্যাচ শেষে বলেছেন, ‘ওর (রুডিগার) সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছিল, ও বলল আমি হাত দিয়ে মারছি। আমি তখন তাকে ‘f---ing coward’ বলি, যেটা আর্জেন্টিনায় আমরা প্রায়ই বলি। এর মানে কোনো বর্ণবাদ নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত