ইরানে ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই। তেহরানের প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ ভিত্তিহীন এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন এবং ইরানের প্রতি সমর্থন জানান।
আরাকচি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর পর রাশিয়ার সঙ্গে ‘আরও ঘনিষ্ঠ, সুনির্দিষ্ট এবং গঠনমূলক পরামর্শ’ প্রয়োজন। তাই তিনি এ সফরে এসেছেন।
ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে পুতিন ইরানের ওপর হামলাকে “বিনা উসকানিতে আগ্রাসন” হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।
তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড ‘অবৈধ’ এবং আন্তর্জাতিক নিয়ম-নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
পুতিন বলেন, তিনি আরাকচিকে মস্কোয় দেখে আনন্দিত। এই সফরের মাধ্যমে রাশিয়া ও ইরান একসঙ্গে বর্তমান সংকট নিয়ে আলোচনা করতে পারবে ও সমাধানের পথ খুঁজতে পারবে।
