সিউল মিউজিক অ্যাওয়ার্ডস পেলেন বিটিএস তারকা

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:২৭ এএম

প্রতিবছর জানুয়ারিতে বসে সিউল মিউজিক অ্যাওয়ার্ডস। তবে এবার ৫ মাস পিছিয়ে জুনে বসেছে পুরস্কারের ৩৪তম আসর। গতকাল ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় বসেছিল তারার মেলা।

২০২৪ সালের সেরা কারা, তা খুঁজতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন কে-পপের অনুরাগীরা। এতে পুরস্কার পেয়েছেন বিটিএস তারকা জিমিন ও আরএম। সামরিক প্রশিক্ষণ শেষ করে প্রথম কোনো বড় পুরস্কার পেলেন দুই কে-পপ তারকা।

ব্ল্যাকপিংক তারকা রোজে পেয়েছেন দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার। হাইবের আরেক গ্রুপ টুমরো টুগেদারও পুরস্কার বাগিয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে ওয়াই গ্লোবাল মিউজিক ও স্পোর্টস সিউল।

কোরিয়ান ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’ হিসেবে পরিচিত এই অনুষ্ঠানের সর্বোচ্চ সম্মান ‘ডেসাং’ জিতেছে গার্ল গ্রুপ আইডল। ২০১০ সালে পুরস্কারটি জিতেছিল গার্লস জেনারেশন। এর ১৪ বছর পর কোনো গার্লস গ্রুপ পুরস্কারটি পেল। গ্রুপটি সম্প্রতি ‘উই আর আইডল’ শিরোনামে একটি মিনি অ্যালবাম প্রকাশ করেছে। এতে ‘গুড থিংস’সহ ছয়টি গান রয়েছে।

‘বোনসাং’ পুরস্কার পেয়েছেন ব্ল্যাকপিংক তারকা রোজে। একমাত্র কে-পপ শিল্পী হিসেবে পুরস্কারটি পেয়েছেন তিনি। এ ছাড়া ‘রোজি’ অ্যালবামের জন্য ওয়ার্ল্ড বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

সেরা অ্যালবাম, সেরা গান ও একটি বোনসাং পুরস্কার জিতেছে ‘টুমরো টুগেদার’।

বিটিএস তারকা জিমিন হাল্লিউ স্পেশাল অ্যাওয়ার্ড ও আরএম পেয়েছেন বেস্ট আরঅ্যান্ডবি/হিপ-হপ অ্যাওয়ার্ড। এর বাইরে জিরোবেসওয়ান, আইলিট, ফিফটি ফিফটিসহ আরও কয়েকটি গ্রুপ ও শিল্পী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত