গুম কমিশনের মেয়াদ আরও বাড়ল

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:৩৮ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত অনুসন্ধান কমিশনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বেড়েছে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাকি সদস্যরা হলেন, হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

বিগত সরকারের ১৫ বছরের শাসনকালে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার পর লাশ উদ্ধার বা নিখোঁজের ঘটনা আলোচনায় ছিল। এ সময় হেফাজতে নিয়ে নির্যাতন, বন্দিশালায় দীর্ঘদিন আটকে রাখার ঘটনাও উঠে আসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে।

গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ২৭ আগস্ট গুম কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই শেষে দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত