ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনই নিহত

আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:৩৮ পিএম

ফরিদপুরে মোটরসাইকেলের সাথে তেলের লরির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) রাত ১০ টার দিকে ফরিদপুর শহরতলীর ব্রাহ্মণকান্দা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কের  বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের হলেন- মোটরসাইকেলের চালক শ্রীবাস মজুমদার (৪০) ঘটনাস্থলেই নিহত হন। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত শ্রীবাস ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের বাসিন্দা ক্ষিতিশ মজুমদারের ছেলে। হাসপাতালে মারা যাওয়া আরোহী একই গ্রামের জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২২)।

করিমপুর হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে মোটরসাইকেল চালক ও আরোহী ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে মুন্সিরবাজার মোড় এলাকায় যাচ্ছিলেন। অপরদিকে মুন্সিরবাজার মোড় থেকে একই বাইপাস সড়ক দিয়ে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় যাওয়ার পথে তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক শ্রীবাস ঘটনাস্থলে মারা যান।মোটরসাইকেলের থাকা আরোহী জুয়েলকে উদ্ধার করে স্থানীয় লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত বরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শম্পা ইসলাম বলেন, সোমবার রাত দশটার দিকে মোটরসাইকেলের আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। রাত এগারোটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালাহ্ উদ্দীন চৌধুরী বলেন,মরদেহ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও তেলের লরি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।  পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত