রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘রবীন্দ্র-নজরুল উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠাগারভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র’র আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। উৎসবের সেমিনারে ‘একবিংশ শতকে রবীন্দ্র-নজরুলের প্রাসঙ্গিকতা’ বিষয়ক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক। আলোচনা করেন গবেষক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব এমাদউদ্দীন আহমেদ। আলোচকদের আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল জীবন দর্শনের বহুমুখী দিক উঠে আসে।
কবি ও শিক্ষক কৃষ্ণকমল বর্মনের সঞ্চালনায় ও প্রবীণ শিক্ষক ইমান আলীর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মীর রবি। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তুলেছেন। আমরা চাই, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের রচনাসমূহ বহুলপঠিত হোক এবং একই সঙ্গে আজকের তরুণেরা তাদের মানবতাবাদী দর্শন চর্চায় মনোনিবেশ করুক।’
উৎসবে আলোচনা সভা, সেমিনার ও প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক পর্বে ছিল রবীন্দ্র-নজরুল সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা। উৎসবে কুইজ, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
