মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারের পদক্ষেপে মব আগে থেকে অনেক কমে এসেছে। ধীরে ধীরে এটি থাকবে না বলেও জানান তিনি।
শুক্রবার বিকালে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিনের বৈষম্য দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান। সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে মনে করেন তিনি।
ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উপলক্ষে বিভিন্ন শ্রেণি-ধর্ম-বর্ণ-পেশার মানুষ শরিক হন। এটি এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।
