মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার ভোরে উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী নাইট কোচ হামদান এক্সপ্রেস চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
