২০২৬ বিশ্বকাপের আর এক বছরেরও কম বাকি। এর মধ্যেই ব্রাজিল দলে নেইমারকে রাখার সম্ভাবনা নিয়ে দেশটিতে শুরু হয়েছে বিতর্ক। ফুটবলপ্রেমীদের আবেগের কেন্দ্রে থাকা এই তারকা চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন কি না, তা নিয়ে জনমত এখন দুই ভাগে বিভক্ত।
জনপ্রিয় জরিপ সংস্থা ডাটাফোলহার সর্বশেষ জরিপ অনুযায়ী, ৪৮ শতাংশ ব্রাজিলিয়ান চায় কোচ কার্লো আনচেলত্তি যেন নেইমারকে বিশ্বকাপে দলে রাখেন। অপরদিকে ৪১ শতাংশ এর বিপক্ষে। আরও ৭ শতাংশ মানুষ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বা বলছেন, এতে তাদের কিছু যায় আসে না। ৩ শতাংশ উত্তরদাতা সিদ্ধান্ত জানাতে পারেননি।
দুই শতাংশ পয়েন্ট মার্জিন অব এরর হিসেব করলে সমর্থন ও বিরোধিতার পার্থক্য কমে দাঁড়াতে পারে মাত্র তিন শতাংশে (৪৬ বনাম ৪৩ শতাংশ)। ২০২৫ সালের ১০ ও ১১ জুন ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীদের ওপর পরিচালিত এই জরিপে অংশ নেন ১৩৬টি শহরের ২,০০৪ জন নাগরিক।
জরিপে উঠে এসেছে প্রজন্মভিত্তিক ভিন্নতা। তরুণদের মধ্যে নেইমারের প্রতি সমর্থন তুলনামূলকভাবে বেশি, অথচ বয়সভিত্তিক প্রবীণ অংশে তার উপস্থিতি বেশি প্রশ্নবিদ্ধ।
নেইমার ২০২৪ সালের শেষ দিকে ইউরোপ ছেড়ে আবার ফিরেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। মাঠে ফেরার শুরুতে তাকে নিয়ে দেশে ফের একবার উচ্ছ্বাস তৈরি হয়। কিন্তু পুরনো ছায়াই যেন পিছু ছাড়ছে না—চোট, অনিয়মিত খেলা আর প্রত্যাশা না মেটানো পারফরম্যান্স। এখন পর্যন্ত সান্তোসের হয়ে ১২টি ম্যাচ খেলে করেছেন মাত্র তিনটি গোল।
এই বাস্তবতায় আগামী বছর বিশ্বকাপে নেইমার থাকবেন কি না—তা শুধু কোচ নয়, জোর বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান সমাজেও।
টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত
ব্যাটিং আমাদের সব শেষ করে দিয়েছে, ম্যাচ শেষে শান্ত