'নদী ভাঙন ঠেকাও, ছোনগাছা ইউনিয়ন বাঁচাও' শ্লোগানকে সামনে রেখে যমুনা নদী ভাঙনরোধে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে ক্রসবাধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরী, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া, পাঁচিল, দৌলতপুর গ্রামের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের যমুনা নদীপাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভাটপিয়ারী, পাঁচঠাকুরী, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনবয়ড়া, পাঁচিল ও দৌলতপুর গ্রামের হাজার হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য আমির হোসেন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, মাওলানা মোখলেছুর রহমান মুকুল, মটিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদশা আলম, বাচ্চু, নাসিম রেজা, শামীম রেজা, হোসাইন আহম্মেদ সোহাগ, শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে ছোনগাছা ইউনিয়নের ইউপি সদস্য আমির হোসেন বলেন, ১৯৯৬ সালের পূর্বে ভাঙনরোধে ৪টি বাঁধ নির্মাণ করা হয়েছিল। যমুনা নদীতে তা বিলীন হয়ে গেছে। বিগত সরকারের আমলে কোনও স্থায়ী কার্যক্রম গ্রহণ করেনি। ইতিমধ্য ২ হাজার মিটার এলাকার ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হয়। কিন্তু সেটি কোনও স্থায়ী সমাধান না। তাই দ্রুত সময়ের মধ্যে ছোনগাছা ইউনিয়নের যমুনা ভাঙনরোধে ক্রসবাধ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ না করলে লক্ষাধিক জনসাধারণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে কিছু জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফলতির কারণে এই ভাঙন তীব্র হয়েছে। তারা যদি শুষ্ক মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করতো, তবে ভাঙনরোধে অনেকটাই কার্যকর হতো। বর্ষা মৌসুমে জিওব্যাগ ডাম্পিং করার কারণে ভালো ফলাফল আসছে না। পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তারা সঠিক পদক্ষেপ না নেওয়ায় এ ভাঙন রক্ষা করা সম্ভব হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি অতিদ্রুত ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী, পাঁচঠাকুরী, পারপাঁচিল, সিমলা ও খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া, পাঁচিল, দৌলতপুর গ্রামের মাঝ দিয়ে ক্রসবাধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক।
বাংলাদেশের এক নম্বর দল হওয়া শুধু সময়ের ব্যাপার: বুলবুল
জাপানে পুরস্কার জিতল রুনা খানের সিনেমা