কেওড়া গাছে ঝুলছিল মধ্যবয়সী পুরুষ, পোকায় খাচ্ছিল মুখমণ্ডল

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরে কেওড়া বাগানের মধ্যে অজ্ঞাত মধ্যবয়সী পুরুষের মুখমণ্ডলে ক্ষত মরদেহ পাওয়া গেছে। মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেচানো নেটের সঙ্গে কেওড়া গাছের ডালে আটকে রয়েছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সঙ্গে লেগে আছে। রবিবার (২৯ জুন) সকাল দশটার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।

প্রত্যক্ষদর্শী প্রতাপনগর আবাসনের বাসিন্দা আব্দুল মজিদ সরদারের ছেলে মিলন জানান, খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য বেলা পৌনে দশটার দিকে তিনি কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে তিনি বেড়িবাঁধে ওপর ফিরে এসে স্থানীয়দের বিষয়টি জানান। পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়। মৃতের পরনে লুঙ্গি ও গায়ে লাল রঙের চেক শার্ট এবং গলায় তুলসীর মালা রয়েছে। তার গলায় পেচানো নেটের সঙ্গে কেওড়া গাছের ডালে আটকে রয়েছে।

স্থানীয় মাসুদ আলী জানান, প্রথম নজরে দেখলে মৃত ব্যাক্তি নেটে আটকা পড়ে আছে মনে হলেও কাছে গেলে দেখা যাচ্ছে তার মুখমণ্ডল থেতলানো। কেউ বা কারা হত্যা করে কেওড়া গাছে রেখে যেতে পারে। গাছটি মোটামুটি বড়। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মতো দেখাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত