চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম

চট্টগ্রাম নগরে ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের এক শ্রমিকের মারা গেছেন। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন ওই শ্রমিক।

আজ রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে আকবরশাহ থানার উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান মহিম মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, ট্রান্সফরমার পরিবর্তনের পর খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ওই শ্রমিক। কয়েক মিনিট ধরে তিনি খুঁটিতে ঝুলে থাকলেও পাশে থাকা সহকর্মীসহ কেউ বিষয়টি বুঝতে পারেননি। পরে শরীর দিয়ে ধোঁয়া বের হতে দেখেই বিষয়টি তাদের নজরে আসে।

দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বেলাল উদ্দিন দেশ রুপান্তরকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার তথ্যটি সঠিক নয়। ওই শ্রমিক সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে স্থানীয়রা জানান, বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় ওই শ্রমিকের কোমরে নিরাপত্তা বেল্ট, মাথায় হেলমেট ছিল না। কোমরে নিরাপত্তা বেল্ট ও মাথায় হেলমেট থাকলে হয়তো এ দুর্ঘটনা ঘটতো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত