স্বরাষ্ট্র উপদেষ্টা

আসিফ মাহমুদ কিভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানা নেই

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশে সফরকালে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে প্রবেশের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিনটি ভুলক্রমে রয়ে গিয়েছিল। এটা তার ভুল ছিল। তবে বয়স না হওয়া সত্ত্বেও তিনি কিভাবে লাইসেন্স পেয়েছেন এ ব্যাপারে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে বলছে তিনি (আসিফ মাহমুদ) একে-৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে-৪৭ নয়। এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স এখনো ৩০ হয়নি। তাহলে তিনি এটা কিভাবে পেলেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত